পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজনকে সঙ্গে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি ছুড়ে তাদের চলে যেতে বলেন। তারা না গেলে পরে লক্ষ্য করে গুলি করা হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।