নিজ ঘর থেকে জেলা পুলিশের এক ট্রাফিক ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শফিউল আজম শফিক নামের এই কর্মকর্তা ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ছিলেন। শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়ার আশিক মঞ্জিল থেকে আজ সোমবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, ওই ঘরে একাই থাকতেন ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। গত শুক্রবার রাতে নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফেরেন শফিউল আজম। এর পর থেকে তাকে দেখা বা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এক পর্যায়ে আজ সোমবার দুপুরে ওই ঘর থেকে পচা দুগর্ন্ধ ছড়াতে থাকে। এর পর ওই বাড়ির মালিক মনির আহম্মদ বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়া শব্দ না পেয়ে পরে পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে পুলিশ ওই ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার পরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত শফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায় বলেও জানান তিনি।