ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। হাবিবুর রহমান বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২০সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হাবিবুর রহমান হাবিব বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এর আগে ডিএমপির ডিসি, ঢাকা জেলার এসপি হিসেবে নিয়মিত দোহার নবাবগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।
বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন হাবিবুর রহমান। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি। সেখানে তাদের জন্য গড়ে তুলেছেন ‘উত্তরণ ফাউন্ডেশন’।