জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল রক্ষার দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে জলবায়ু ক্ষতিপূরণ, নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, পশুর রিভার ওয়াটারকিপার, ক্লাইমেট অ্যাকশন ফোরাম, উদয়ন যুবসংঘ, আশা হফনুং ও সৈয়দ শাকিল ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি বিপর্যস্ত হয়ে পড়ছে। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, আর উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিশ্বে মোট কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতের শিকার হচ্ছে বাংলাদেশ।
বক্তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন উপকূলীয় জনপদকে রক্ষা করে আসছে। কিন্তু বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করবে কে? জলবায়ু তহবিলের প্রায় ৬৫ শতাংশ অর্থ উন্নয়নশীল দেশগুলোকে ঋণ হিসেবে দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে তাঁরা ঋণ নয়, ন্যায্য ক্ষতিপূরণ চান। একই সঙ্গে নিরাপদ পানির নিশ্চয়তা, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
ক্লাইমেট অ্যাকশন ফোরাম মোংলার সভাপতি ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা সংগঠনের মেহেদী হাসান, জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম এবং লিডার্সের বদরুন্নেসা মিলি ও ফাতেমা জান্নাত।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, ‘মহাপ্রাণ সুন্দরবন কেবল বাংলাদেশের নয়, এটি এশিয়ার ফুসফুস। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য সবুজ জ্বালানির সম্প্রসারণ ঘটাতে হবে। জলবায়ুর উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই, আমরা ক্ষতিপূরণ চাই।’
তিনি আরও বলেন, জলবায়ুর অভিঘাত থেকে সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ লক্ষাধিক বনজীবী ও জেলের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধি, কয়লা ও শিল্পদূষণের কারণে নদ-নদীতে মাছের সংকট দেখা দিয়েছে। উপকূলীয় এলাকায় নিরাপদ খাবার পানিরও সংকট রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের প্রাণ-প্রকৃতি, জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই দয়া-দাক্ষিণ্য বা অনুকম্পা নয়, উন্নত বিশ্বের কাছে ন্যায্য জলবায়ু ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম বলেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকটে নারী ও শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন লবণাক্ত পানি ব্যবহারের ফলে উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্যসহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিঃশর্ত অর্থায়নের জোর দাবি জানান তিনি।
সমাবেশ থেকে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, নিরাপদ পানির ব্যবস্থা এবং পরিবেশবান্ধব জ্বালানির সম্প্রসারণের আহ্বান জানান। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী ন্যায্য ও টেকসই রূপান্তরের দাবি জানান তাঁরা।
