গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিল। এ সময় হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে এবং জেলেরা বিপাকে পড়েন।
পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটের এক জেলে মোবাইল ফোনে বোট মালিককে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে গভীর সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটটি শনাক্ত করা হয় এবং এর ভেতরে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের এ ধরনের জরুরি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
