ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালের হস্তক্ষেপে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। চিকিৎসকের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও অক্সিজেন মাস্ক খুলে ফেলায় ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকের নির্দেশ ছিল, কোনো অবস্থাতেই অক্সিজেন মাস্ক খোলা যাবে না। কিন্তু এ নির্দেশ অমান্য করে এনায়েত করিম নামে এক দালাল উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে শিশুটির মুখ থেকে মাস্ক খুলে নেয়। অক্সিজেন ছাড়া প্রায় ২০ মিনিট থাকার পর শিশুটি বাবার কোলেই মারা যায়।
মঙ্গলবার (১২ মে) বিকেলে ঢামেক হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত এনায়েত করিমকে পুলিশ আটক করে। তিনি হাসপাতালের সাময়িক বরখাস্ত হওয়া এক অফিস সহকারী বলেও জানা গেছে।
পরিবারের তথ্য অনুযায়ী, কিডনি সমস্যায় আক্রান্ত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হয়। হাসপাতালে শয্যা পাওয়ার আশ্বাস দিয়ে এনায়েত করিম তাদের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি তিনি কাঁটাবন এলাকার একটি বেসরকারি ক্লিনিকে দৈনিক ২৫ হাজার টাকার চিকিৎসার প্রস্তাব দেন।
অভিযোগ রয়েছে, শিশুটিকে ওই ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যেই তার অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়। এরপর মাস্ক ছাড়া তাকে হাসপাতালের ভেতরে ঘোরানো হয়। পরে অ্যাম্বুলেন্সে তোলার সময় পরিবার বুঝতে পারে শিশুটি মারা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, এনায়েত করিমের বিরুদ্ধে আগেও প্রতারণা ও দালালির অভিযোগ ছিল। বিভিন্ন সময়ে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও তিনি হাসপাতালে দালালি চালিয়ে যাচ্ছিলেন।
ঢামেক কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা গুরুতর রোগীদের বেসরকারি ক্লিনিকে নিতে চাপ দেয়।
পুলিশ জানায়, শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত এনায়েত করিমের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।