মোঃ আল আমিন হোসাইন (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ঢাকার দোহার উপজেলায় দেশীয় অস্ত্রসহ মো. রুবেল (২২) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মোঃ রুবেল দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের জয়নাল মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের প্রবেশ মুখে স্থানীয়রা ডাকাত সন্দেহে রুবেলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করে। এসময় রুবেলের সাথে থাকা নাজমুল ও আল-আমিন নামে অপর দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে দোহার থানা পুলিশের এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রুবেলকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে।
দোহার থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, আটককৃত মোঃ রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের আটকে অভিযান চলছে।