সাতক্ষীরার শ্যামনগরে একটি মাছের ঘেরের রান্নাঘর থেকে রান্না অবস্থায় প্রায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ ও পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মালিকানাধীন একটি মাছের ঘের থেকে এ মাংস উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে রান্না অবস্থায় থাকা হরিণের মাংস জব্দ করে বনবিভাগ ও পুলিশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কিছু বহিরাগত শ্রমিক ওই মাছের ঘেরে ভেকু মেশিন দিয়ে রাস্তার কাজ করছিল। তারা নিয়মিত সেখানে রান্না করলেও কী ধরনের মাংস রান্না করা হতো, তা স্থানীয়রা জানতেন না। অভিযানের সময় হঠাৎ হরিণের মাংস উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাছের ঘেরের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, ঘেরে কাজ করা শ্রমিকদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ভেকু মেশিন মালিকদের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানান তিনি। শ্রমিকরা কী রান্না করছিল বা কী খাচ্ছিল, সে বিষয়ে তিনি অবগত নন বলেও দাবি করেন।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।