ঢাকার দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে জুলহাস ভ্যারাইটিজ ষ্টোরের মালিককে জরিমানা করা হয়েছে।
১২ এপ্রিল রোববার সকালে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দোহার পৌরসভার ৭নং ওয়ার্ডে দোহার বাজার সংলগ্ন এলাকায় জুলহাস ভেরাইটিজ ষ্টোর থেকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মেয়াদ উত্তীর্ণ চকলেট, কোমল পানীয়সহ আরও বেশ কিছু শিশুখাদ্য বিক্রি করা হয়। এতে এলাকাবাসী প্রতিবাদ করলেও পূনরায় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি শুরু করেন প্রতিষ্ঠানটির মালিক।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ঢাকার চকবাজার থেকে নকল ব্রান্ডের শিশু পণ্য নিয়ে এসে জুলহাস ভ্যারাইটিস ষ্টোর থেকে বিক্রি করা হয়।
যেখানে অধিকাংশ পণ্যের গায়ে মেয়াদ লেখা থাকে না| বেশ কয়েকজন শিশু এই খাবার খেয়ে অসুস্থ অনুভব করলে স্থানীয়রা এনিয়ে উপজেলা প্রশাসনকে জানালে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
এসময় জুলহাস ভ্যারাইটিজ ষ্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সকল পণ্য জব্দ করা হয়। পরে দোকান মালিক জুলহাসকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা অর্থদণ্ড করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দোকান মালিককে অর্থদণ্ড ও প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে| ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।