অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সংসদে এ সিদ্ধান্তের কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, বিপুলসংখ্যক—মোট ১৩৩টি—বিল পাসের কাজ দ্রুত শেষ করতে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন পরিচালিত হবে।
নতুন সূচি অনুযায়ী, প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় অধিবেশন বসবে বিকেল সাড়ে ৩টায়।
চিফ হুইপ আরও জানান, আইন প্রণয়নের এই ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করা হয়েছে, যাতে সরকারি বিল পাসের কার্যক্রমে গতি আনা যায়। প্রয়োজনে নির্ধারিত ছুটির দিন শুক্রবারেও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ সূত্রে জানা গেছে, সময়সীমার মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।