ঢালিউড কিং শাকিব খান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকল ভক্ত-অনুরাগীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই পবিত্র উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।”
শুভেচ্ছা বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
এবারের ঈদে মুক্তির জন্য অপেক্ষা করছে পাঁচটি সিনেমা – ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। দর্শকরা এবার কেবল শাকিব খানের নামের জন্য নয়, নির্মাণ ও গল্পের বৈচিত্র্যও উপভোগ করবেন।
‘প্রিন্স’ নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আসছে, ‘বনলতা এক্সপ্রেস’ হুমায়ূন আহমেদের উপন্যাসের আধারে, ‘দম’ জীবনযুদ্ধের করুণ আখ্যান, ‘রাক্ষস’ হাই-ভোল্টেজ অ্যাকশন, আর ‘প্রেশার কুকার’ নাগরিক জীবনের চাপ তুলে ধরছে। এই বৈচিত্র্যময়তা নিয়েই সাজানো হয়েছে এবারের ঈদ সিনেমার ক্যালেন্ডার।