ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দর্শক সারিতে দেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন চলাকালে দর্শক গ্যালারিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গ্যালারিতে ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান ছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে দেখা গেছে।
এদিকে অধিবেশন শুরু হওয়ার পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সকাল থেকেই সংসদ ভবনে তাদের প্রবেশ করতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধান অনুযায়ী ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারে ফল ঘোষণার প্রায় এক মাস পর আজ নতুন সংসদের প্রথম অধিবেশন বসেছে।