জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রায় এক মাসব্যাপী চলতে পারে এই অধিবেশন। নতুন সংসদের কার্যক্রম শুরুকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ও সাংবিধানিক কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।
১২ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের প্রথম দিনের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার পদে যদি একাধিক প্রার্থী না থাকেন, তাহলে কণ্ঠভোটের মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর অধিবেশন প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুলতবি করা হবে। এ সময় সংসদ ভবনেই নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ শেষে নতুন স্পিকারের সভাপতিত্বে পুনরায় অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে।
অধিবেশনে পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি প্রয়াত সংসদ সদস্যদের স্মরণে শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।
প্রথম বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের সময়ে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা। এসব অধ্যাদেশ যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী বছরের প্রথম এবং নতুন সংসদের প্রথম অধিবেশন হওয়ায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই প্রথম দিনের অধিবেশন মুলতবি করা হবে।