নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সকল প্রতিদ্বন্দ্বীকে রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ব্যয় বিবরণী দাখিলের ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জারিকৃত পরিপত্র-১৮ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারে দাখিলকৃত ব্যয়ের রিটার্নের তথ্য ইসিতে ২৫ মার্চের মধ্যে পাঠানো হবে।
গেজেট প্রকাশের ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামী ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।