বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সেনাপ্রধানের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ পদে আলোচিত আরেক কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত ১৭ জানুয়ারি থেকে সিজিএস পদটি শূন্য ছিল। সর্বশেষ এ দায়িত্বে ছিলেন লে. জেনারেল মিজানুর রহমান শামীম।
২২ই ফেব্রুয়ারি রোববার দুপুরে সেনাসদর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে পরিচিত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। গুরুত্বপূর্ণ ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হয়েছেন ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ডিজিএফআইয়ের নতুন ডিজি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে উন্নীত করে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।