বিশ্ব স্কাউট দিবস ২২ ফেব্রুয়ারি। স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তার উদ্যোগেই ১৯০৭ সালে স্কাউটিং আন্দোলনের সূচনা হয়। তাই প্রতিবছর ২২ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩৮ মিলিয়ন স্কাউট দিবসটি উদযাপন করছে। বর্তমানে বিশ্বের ২১৭টি দেশে প্রায় তিন কোটি ৮০ লাখ স্কাউট ও গাইড সদস্য রয়েছেন।
১৯০৭ সালে স্কাউটিং শুরু হলেও ভারতীয় উপমহাদেশে এর কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে। ১৯৪৭ সালে দেশভাগের পর ইস্ট পাকিস্তান বয়স্কাউট অ্যাসোসিয়েশন গঠিত হয়। ১৯৭২ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বয়স্কাউট অ্যাসোসিয়েশন। পরে ১৯৭৮ সালে নাম রাখা হয় বাংলাদেশ স্কাউটস। ১৯৯৪ সাল থেকে মেয়েদের সদস্য হওয়ার সুযোগ দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মো. আবু সালেক জানান, সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩টায় স্কাউটস ভবনে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কাউটসের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১০ লাখ ১৫ হাজার ১১৬ জন স্কাউট রয়েছে। তারা কমিউনিটি সেবা, কৃষি, স্বাস্থ্য, শিশুকল্যাণ, নির্মাণকাজ ও স্বল্প ব্যয়ে ঘর তৈরিতে সহায়তা করে। এছাড়া বন্যা, ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে।