রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফলের দোকান ও একটি হোটেল মালিককে মোট ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানটি ২০ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারে পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বাজারের বিভিন্ন স্থানে তদারকি চালানো হয়।
মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে তিনটি ফলের দোকানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আশিক আহমেদ বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে নিয়মিত তদারকি চালানো হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী এবং শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোপাল। শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।