নারায়ণগঞ্জের ইসলামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, ১৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানের প্রথম রোজার দিন ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন,
“রমজানের এই পবিত্র সময়ে যারা ঘরহারা হয়েছেন, তাদের একা ফেলে রাখা হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায় সর্বাত্মক সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। অনেক পরিবার এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।
এদিকে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ অব্যাহত রয়েছে।
রমজানের এই দুর্যোগে জনপ্রতিনিধির দ্রুত উপস্থিতি ও সহানুভূতিশীল ভূমিকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।