নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শিক্ষকরা স্কুল বন্ধ করে চলে যান। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তারা দেখতে পান, তিনটি ক্যামেরার মধ্যে দুটি চুরি হয়ে গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানিয়েছেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, “যারা ভোটে কারচুপি করতে চায় বা গোলযোগ সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কার্যক্রমের অংশ হতে পারে। সিসি ক্যামেরা নির্বাচনের স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।”
লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, বিষয়টি তাদের জানা আছে এবং ইতোমধ্যে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।