মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনী কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে প্রচুর দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুর ঘাট সংলগ্ন কিশোর গ্যাংয়ের বিভিন্ন আস্তানায় অভিযান করা হয়।
অভিযানে ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, এই অস্ত্রগুলো ব্যবহার করে কিশোর গ্যাং স্থানীয় মানুষদের ভয়ভীতি দেখাতো, চাঁদাবাজি করতো এবং সন্ত্রাস চালাতো। গ্যাংয়ের নেতৃত্বে ছিলো সাব্বির, শাকিল ও মিহাদ।
গজারিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কঠোরভাবে কাজ করছে। অপরাধ দমনেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ, এবং ভবিষ্যতেও সন্ত্রাস, নাশকতা ও অবৈধ মাদকবিরোধী অভিযান চলবে।