সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাভার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ০২ ফেব্রুয়ারি সোমবার রাতের প্রথম পহরে আনুমানিক ১২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি টহল দল সন্দেহজনক গতিবিধির কারণে দুইজন ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা এবং দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে আনুমানিক ২০ লিটার বিদেশি ও দেশীয় মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের একজন এর আগে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সেনাবাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।