জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচার করা হবে। তাঁর পরিবার এই অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে।
আজ বৃহস্পতিবার ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন এ তথ্য জানান। পোস্টে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সংকটময় অবস্থায় আছেন।
পরিবার জানায়, সিঙ্গাপুরেই তাঁর অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে, যেন আল্লাহ তাঁকে সুস্থ জীবন দান করেন। পোস্টে আরও বলা হয়, যদি তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হন, তবে দেশের স্বাধীনতাকামী মানুষকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দেওয়া হয়। একই পোস্টে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। বলা হয়, খুনি যদি ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনোভাবে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।
এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
গত ১২ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।