বাগেরহাটে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী ১২ জুলাই ও ২ আগস্ট তিনটি ভারতীয় ফিশিং বোট—এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড় ও এফবি পারমিতা-৪—সহ ৪৭ জন জেলেকে আটক করে।
অন্যদিকে গত ১২ ও ১৭ সেপ্টেম্বর ভারতীয় কোস্ট গার্ড দুইটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ জেলেকে আটক করে, যারা সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় এলাকায় মাছ ধরছিল বলে অভিযোগ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে আটক জেলেদের বিনিময়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ কোস্ট গার্ডকে।
এর অংশ হিসেবে গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশ কোস্ট গার্ড ৪৭ ভারতীয় জেলেকে তিনটি বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। একই সময়ে ভারত থেকে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি বোটসহ ৩২ বাংলাদেশি জেলেকে গ্রহণ করা হয়। আরেকটি বোট গ্রহণের কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, আজ ১৪০০ সময় মোংলা কোস্ট গার্ড বেইসে বাংলাদেশি জেলেদের তাদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।