ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার ভাষণসহ সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় বা প্রয়োজন হলে ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা করবে কমিশন। তফশিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ আরও বলেন, ইসি সচিবালয় বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে, কারণ ভাষণের মাধ্যমেই তফশিল ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বরও সম্ভাবনা রয়েছে। ১১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই তফশিল দিতে হবে।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফশিল ঘোষণা করবেন। তফশিলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ভোটের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকতে পারে। এ জন্য ইতোমধ্যে বিটিভি ও বেতারকে সিইসির ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ।
ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে দুই ঘণ্টার মতো বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে তফশিল-সংক্রান্ত ভাষণ দেওয়া হতে পারে। তবে কোনো কারণে বুধবার সম্ভব না হলে বৃহস্পতিবারই তফশিল ঘোষণা করা হবে।