মুন্সিগঞ্জের শ্রীনগরের ওমপাড়া বটতলা এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী মারা গেছেন এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা ৩৪ মিনিটে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখি মাইক্রোবাসের সঙ্গে মাওয়ামুখী অটোরিকশার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। আহতদের মধ্যে আছেন আব্দুর মহিম (৩০), মহসিন (৪৫) ও আরেকজন অজ্ঞাত ব্যক্তি।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
নিহতের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে থানা পুলিশ।