মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ভাঙ্গাগামী ‘ওয়েলকাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছলে সেখানে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চিৎকার-চ্যাঁচামেচি শুরু হয় এবং কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে দ্রুত চিকিৎসার জন্য কাছের হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ইঞ্জিন বিকল হয়ে থেমে থাকা ট্রাকটিকে বাসচালক সময়মতো দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।