সরকার চাইছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন সত্যিকারের যোগ্য মানুষের কাছে পৌঁছে যায়-এটাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতি হাইস্কুল মাঠে বয়স্কভাতা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন অন্তবর্তীকালীন সরকারের সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ। সভায় শতাধিক বয়স্ক নারী–পুরুষ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক এনামুল আহসান জানান, বয়স্ক ভাতা বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে মাঠপর্যায়ে আরও কঠোর নজরদারি করা হবে।
এ ছাড়া বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা এবং তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।
বক্তারা বলেন, হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত প্রবীণদের তালিকাভুক্ত করা, অনিয়ম বন্ধ করা এবং সুবিধাভোগীরা যাতে ঠিকভাবে ভাতা পান—সে জন্য প্রশাসন ও সমাজসেবার যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।