ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতির বাইরে থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যদি পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন। তাই তাদের প্রতিবেদন অবশ্যই পরিষ্কার ও নিরপেক্ষ হতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য-দেশের মানুষকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া। অতীত নিয়ে না ঘেঁটে সামনে এগিয়ে যেতে চায় ইসি, এর জন্য সবার সহযোগিতা দরকার।
তিনি আরও বলেন, ইসি পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে দেখতে চায়। কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন কি না—তা পর্যবেক্ষকদের প্রতিবেদনে তুলে ধরতে হবে, তবে রিপোর্ট অবশ্যই সত্য ও স্বচ্ছ হতে হবে। তাঁর ভাষায়, “পর্যবেক্ষকদের কাজ হলো ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়ানো নয়। তাদের চোখ যদি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে চলেছে এবং এবার ভোটার উপস্থিতিও বেশি হবে।
তিনি আরও জানান, পর্যবেক্ষক সংস্থার জন্য এবার কিছু বিষয় চ্যালেঞ্জ হতে পারে। তবে ইসি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায়। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না—এমন আচরণ করলে ভবিষ্যতে পর্যবেক্ষক হিসেবে কাজ করা কঠিন হয়ে যাবে।