মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি ও মন্তব্য ছড়িয়ে পড়ায় সেগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ বিটিআরসি ও তথ্য সচিবকে এ নির্দেশ দেন।
গত ১৩ নভেম্বর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল-১।
রায় দেওয়ার পর সামাজিক ও গণমাধ্যমে বিচারকদের ছবি ব্যবহার করে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় ট্রাইব্যুনাল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং নিজ উদ্যোগে বিটিআরসি চেয়ারম্যান ও তথ্য সচিবকে এসব ছবি ও মন্তব্য মুছে ফেলতে নির্দেশ দেয়।
ট্রাইব্যুনাল জানায়, মত প্রকাশের স্বাধীনতা সবার অধিকার, তবে তা আইন মেনে এবং কোনো অবমাননা ছাড়া হতে হবে।
এ সময় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী ও সাংবাদিকরাও আদালতে ছিলেন।”