বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর রেলওয়ে স্টেশনের অন্তর্গত নতুন গ্রাম এলাকায় এক জোড়া ফিসপ্লেট চুরি হয়েছে। এ ঘটনা বুধবার রাতের কোনো এক সময় সংঘটিত হয়।
বৃহস্পতিবার সকালে রেলের কী-ম্যানরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে ফিসপ্লেট স্থাপন করেন।
বগুড়া রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ফিসপ্লেট খুলে নেয়। এ সময়ের মধ্যে দুটি ট্রেন যাত্রা করলেও ভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা ঘটে নি।
রেলের প্রকৌশল বিভাগ সূত্র জানিয়েছে, বুধবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা নতুন গ্রাম এলাকায় রেললাইন সংযোগের একটি জোড়া ফিসপ্লেট তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে রেল বিভাগের কী-ম্যানরা লাইন পর্যবেক্ষণকালে ফিসপ্লেটের অভাব খেয়াল করেন। তারা দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং পরবর্তীতে ফিসপ্লেট স্থাপন করা হয়।
উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন আরও বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ওই রুটে বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন এবং সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন চলাচল করলেও, উপরের অংশে ফিসপ্লেট থাকায় অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি।
বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানিয়েছেন, এটি নাশকতার উদ্দেশ্যে সংঘটিত ঘটনা বলে মনে করা হচ্ছে।