নির্বাচন কমিশন (ইসি) আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “পরশু দিন (১৩ নভেম্বর) থেকে সংলাপ শুরু হবে। এখনো নির্ধারণ করা হয়নি কোন দলগুলোকে প্রথমে আমন্ত্রণ জানানো হবে—আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে।”
একই দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনলাইনে ঢাকায় লকডাউন কর্মসূচির আহ্বান জানিয়েছে—এ প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, “সংলাপ আয়োজন একটি আলাদা বিষয়। ১৩ তারিখে আমাদের নির্ধারিত কার্যক্রম চলবে, সংলাপও সেদিনই অনুষ্ঠিত হবে।”
রাজনৈতিক দলগুলোর আস্থা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি, সব রাজনৈতিক দল ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে।”
সংলাপে আলোচ্য বিষয় সম্পর্কে আখতার আহমেদ জানান, “আরপিও (Representation of the People Order) ও আচরণবিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো ব্যাখ্যা করা হবে। পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতা কামনা করা হবে। তাদের কোনো মতামত বা প্রস্তাব থাকলে সেটিও শোনা হবে।”
সম্প্রতি প্রকাশিত সংশোধিত আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, “মূল পরিবর্তনটি হলো—পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। এবার প্লাস্টিকজাত কোনো উপকরণ ব্যবহার করা যাবে না। তবে ফেস্টুন, লিফলেট ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। এমন কোনো স্থাপনা তৈরি করা যাবে না যা চলাচলে বাধা সৃষ্টি করে।”
গণভোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, “গণভোট সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা সচিবালয়ে কোনো নির্দেশনা আসেনি। ফলে এ বিষয়ে আমাদের পূর্বের অবস্থানই বহাল রয়েছে।”