আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নাজমুস সাকিব নাবিল (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।ঘটনার পর থেকে তার মা পলাতক রয়েছেন। সোমবার (৩১ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাবিল মারা যান।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, তার মা নাসরীন আক্তার তাকে হত্যা করে পালিয়েছেন।
এর আগে রোববার রাত ৯টায় আহত অবস্থায় তাকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাজমুস সাকিব নাবিল ঢাকার ডেমরার দারুন্নাজাত কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাজমুস সাকিব নাবিলের বাবা রাতে বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে সন্তানকে আহতাবস্থায় দেখতে পান।
নিহতের পিতা সগীর আহমেদ বলেন, আমার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। প্রায়ই সে রাগারাগি করে বাসার জিনিসপত্র ভাঙচুর করত। এ ঘটনা কীভাবে ঘটল আমি নিশ্চিত না। তবে আমার স্ত্রীকে সন্দেহ হচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।