ট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাম সরোয়ার (৪২) ও তার মেয়ে মুসকান (৩)। নিহত গোলাম সরোয়ার ঢাকার তুরাগ থানার আক্কাস আলী মার্কেট এলাকার মৃত এমদাদুল হকের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় বায়তুস সুলতান জামে মসজিদের সামনে সড়কের পাশে একটি কাভার্ডভ্যান আগে থেকে দাঁড়ানো ছিল। সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গাড়িতে আটকা পড়ে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে প্রাইভেটকার কেটে ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চৌধুরীহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, চালকের চোখে ঘুম থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।