মানিকগঞ্জে সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রীতি মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (১১ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক ও রমজান মাহমুদের নেতৃত্বে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে খালপাড় এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এরপর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা মানিকগঞ্জে আমরা বিশৃঙ্খলা চাই না। সম্প্রীতি রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সময় প্রস্তুত রয়েছে। শান্তির জেলাকে কোনভাবেই অশান্ত করার সুযোগ দেওয়া হবে না বলেও হুশিয়ার দেন তারা।