কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ঐতিহ্যবাহী ইয়ং সোসাইটি ক্লাবের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ৪৭তম বর্ষের কালীপূজার আয়োজনের জন্য ‘বাংলার সেরা শক্তি সম্মান ২০২৬’ অর্জন করেছে ক্লাবটি। প্রতিমার অভিনব রূপ, দৃষ্টিনন্দন আলোকসজ্জা, সামগ্রিক পরিবেশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব ও ডিডিবি মিডিয়া হাউসের উদ্যোগে আয়োজিত ‘বাংলার শক্তি সম্মান ২০২৬’-এর কালীপূজা পরিক্রমার বিচারপর্বে ইয়ং সোসাইটি ক্লাবকে সেরা সম্মানে ভূষিত করা হয়।
কালীপূজাকে কেন্দ্র করে ক্লাবের এই আয়োজন দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। প্রতিমা ও আলোকসজ্জার মধ্যে ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এক অনন্য পরিবেশ। মণ্ডপের বিভিন্ন অংশে দেবদেবীদের নানা রূপ তুলে ধরা হয়েছে। পাশাপাশি কালীমায়ের প্রতিমাতেও ছিল স্বতন্ত্র নির্মাণশৈলী, যা দর্শনার্থীদের মন জয় করেছে।
বর্ণাঢ্য আয়োজনে কালীপূজার সূচনা
গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় বিশেষ অতিথিদের উপস্থিতিতে ফিতা কাটা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন ক্লাবের চিফ অর্গানাইজার কিরণ শংকর।
তাঁর নেতৃত্বে ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে এই আয়োজনকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পূজার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সমাজসেবায় বিশেষ উদ্যোগ, প্রায় পাঁচ হাজার মানুষের হাতে ভোগ বিতরণ
কালীপূজার আনন্দকে এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে একাধিক উদ্যোগ নিয়েছে ইয়ং সোসাইটি ক্লাব। পূজার দিনগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ এবং সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
ক্লাবের চিফ অর্গানাইজার কিরণ শংকর বলেন, এই সাফল্যের কৃতিত্ব একা তাঁর নয়; বরং ক্লাবের প্রত্যেক সদস্য, তাঁর পরিবার এবং এলাকার মানুষের সম্মিলিত সহযোগিতার ফল।
তিনি বলেন, ‘আমি সকল সদস্যের কাছে কৃতজ্ঞ। তাঁরা যেভাবে আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতেই এত বড় আয়োজন সফল করা সম্ভব হয়েছে। শুধু আমার পরিবার নয়, এলাকার অসংখ্য মানুষ এই পূজার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি কেবল নিমিত্তমাত্র। সবার সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান আয়োজন করা কখনোই সম্ভব হতো না।’
তিনি আরও জানান, এবারের আয়োজনে প্রায় পাঁচ হাজার পথচলতি মানুষের হাতে ভোগের প্রসাদ তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত। পূজার কয়েক দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন ক্লাবের সদস্যরা।
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা
‘বাংলার শক্তি সম্মান ২০২৬’ পাওয়ায় আয়োজক সংস্থা ও বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন কিরণ শংকর।
তিনি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এবং দৈনিক দুরন্ত বার্তার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের উদ্যোগে ক্লাবের পূজার আয়োজন বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হয়েছে। বিচারকদের সূক্ষ্ম মূল্যায়নের মাধ্যমে এই সম্মাননা পাওয়ায় তাঁরা বিশেষভাবে আনন্দিত।
পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতার জন্য এলাকার পুলিশ প্রশাসন, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, কলকাতা পৌর করপোরেশন (কেএমসি) এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত উদ্যোগ
ইয়ং সোসাইটি ক্লাবের এই আয়োজন সফল করতে বিভিন্ন দায়িত্বে রয়েছেন একাধিক কর্মকর্তা ও সদস্য।
ক্লাবের চিফ অর্গানাইজার কিরণ শংকর, চিফ প্যাট্রন সন্তোষ কুমার পাঠক, প্যাট্রন কালী খটিক, প্রেসিডেন্ট রিত্তিক শংকর। এ ছাড়া রয়েছেন রাজ মল্লিক, প্রকাশ শংকর, সুরোজ মল্লিক, ভাইস প্রেসিডেন্ট আকাশ শংকর, আনন্দ শংকর ও আমন মল্লিক।
জেনারেল সেক্রেটারি দিলীপ শংকর, ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ কুমার শংকর, কাল্লু শংকর এবং ট্রেজারার রোহিত শংকরসহ প্রেম শংকর, কৃষ্ণা শংকর ও সন্তোষ শংকরও ক্লাবের বিভিন্ন দায়িত্বে থেকে কাজ করছেন। তাঁদের পাশাপাশি আরও অনেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন।
৪৭ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ইয়ং সোসাইটি ক্লাবের এবারের কালীপূজা শুধু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; প্রতিমা, শিল্পভাবনা, সাংস্কৃতিক আয়োজন ও সমাজসেবার সমন্বয়ে এলাকার মানুষের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।
