হিমায়ন ব্যবস্থায় দূর থেকে নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা বাড়িয়ে নষ্ট করা হয় খাবার, ইউরোপের আরও ১০ দেশে একই ধরনের হামলার অভিযোগ
ইউরোপের সুপার মার্কেটগুলোতে সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ফ্রান্স। গত ১১ ও ১২ অক্টোবর দেশটির প্রায় ৭০০টি সুপার মার্কেটের হিমায়ন ব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। এতে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। ফরাসি কর্তৃপক্ষ এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, হামলার মাত্রা ও তীব্রতা ছিল নজিরবিহীন। ফ্রান্সের ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো প্রথম বড় ধরনের সাইবার হামলা এটি বলেও মন্তব্য করেন তিনি।
বারো বলেন, এ ঘটনা ফ্রান্সের জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে প্যারিস। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে ইরানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে ফরাসি সরকার।
তবে ফ্রান্সের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তেহরান।
যেভাবে চালানো হয় হামলা
সংবাদমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে চালানো হামলায় হ্যাকাররা দূর থেকে সুপার মার্কেটগুলোর ফ্রিজ ও ফ্রিজারের ডিজিটাল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে। এরপর সেগুলোর ডিফ্রস্ট সাইকেল চালু করে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়। এতে সংরক্ষিত তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়।
কিছু ক্ষেত্রে হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রে আগুন লাগার ঘটনাও ঘটে। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিপণিবিতানগুলোর স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়।
তদন্তে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ
ঘটনার তদন্তের দায়িত্ব নেয় প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর। সোমবার দপ্তরটি হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। তদন্তকারীদের দাবি, হামলায় ফারসি ভাষার ব্যবহার এবং ইরানে অবস্থিত যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট আইপি ঠিকানার তথ্য পাওয়া গেছে।
কৌঁসুলির দপ্তর জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাইবার ইউনিট ‘শাহিদ কাভেহ’-এর প্রধান, তাঁর দুই উপপ্রধান এবং হামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
ইউরোপের আরও ১০ দেশে একই ধরনের হামলা
ফ্রান্সের ঘটনার পর চলতি মাসের শুরুতে সুইডেন, বেলজিয়াম, আয়ারল্যান্ডসহ ইউরোপের অন্তত ১০টি দেশের বিপণিবিতানেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। তবে এসব হামলার সঙ্গে ফ্রান্সের সুপার মার্কেটগুলোতে চালানো হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ পর্যন্ত ফ্রান্স কিংবা ইউরোপের অন্য দেশগুলোর কোনো হামলার দায় স্বীকার করেনি কোনো ব্যক্তি বা গোষ্ঠী।
সাইবার হামলার ঝুঁকি নিয়ে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র এবং সিএনএনের পর্যালোচনা করা একটি স্মারকলিপি অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরু করার পর দেশটির সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
এ বিষয়ে সতর্ক থাকতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও সরকারি সংস্থার কাছে একাধিক গোপন বার্তাও পাঠানো হয়েছিল।
ফ্রান্সের সুপার মার্কেটগুলোতে হামলার ঘটনায় নতুন করে ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্য সংরক্ষণ ও সরবরাহব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাত যে দূরবর্তী সাইবার হামলার লক্ষ্যবস্তু হতে পারে, এ ঘটনা তা সামনে নিয়ে এসেছে।
