খাগড়াছড়ির সাজেকে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অরুণা চাকমা (নারী) নামে এক নারী আহত হয়েছেন।
৮ নভেম্বর রবিবার রাতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছগড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশ এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলির আঘাত লাগে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যান।
সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে মধ্যরাতে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত অরুণা চাকমার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা শটগানের সীসার কার্তুজ ব্যবহার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন তার ওপর এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
