রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের চারজন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গোয়েন্দারা জানায়, তারা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় গোপনে হামলার পরিকল্পনা করছিল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।
ডিবি রমনা বিভাগের একটি দল সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার ডিবি রমনা বিভাগের ডিসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিবি জানায়, কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে প্রথমে ইমরান চৌধুরীকে আটক করা হয়। পরে কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি শটগান, ১৪ রাউন্ড গুলি, গুলির খোসা, স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন এবং ড্রোন পরিচালনার সরঞ্জামসহ কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়।
ডিবির ধারণা, তারা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সদস্য এবং রাজধানীতে নাশকতা ও গোপন হামলার পরিকল্পনায় জড়িত ছিল।