চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, “প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তের জন্য মঙ্গলবার একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।”
চিফ প্রসিকিউটর বলেন, একটি অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ট্রাইব্যুনালের অন্য কোনো অভিযোগ থাকলে তা-ও খতিয়ে দেখা হবে।
আমিনুল ইসলাম আরও জানান, গঠিত কমিটি পুরো বিষয়টি তদন্ত করবে এবং প্রসিকিউশন টিমের কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না তা বের করাই তাদের দায়িত্ব।
এই বিতর্ক শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কয়েকটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড ফাঁস হওয়ার পর। অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি এক কোটি টাকা দাবি করেছিলেন।