সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্ধারিত নৌপথ ঘোষণা করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। তীর্থযাত্রীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দুবলারচরে যেতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল ও নজরদারিতে নিয়োজিত থাকবেন।
বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথ হলো—
১. বুড়িগোয়ালিনী ও কোবাদক রুট: বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।
২. কয়রা রুট: কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর।
৩. নলিয়ান রুট: নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর।
৪. ঢাংমারী-চাঁদপাই রুট: ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।
৫. বগী-বলেশ্বর রুট: বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর।
এ বিষয়ে চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, বন বিভাগের নির্দেশনা অনুযায়ী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত প্রবেশপথে নৌযানের প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায়ের পর অনুমতিপত্র দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে।
তিনি আরও জানান, প্রতিটি অনুমতিপত্রে সিল দিয়ে নির্ধারিত নৌপথ উল্লেখ করা হবে। তীর্থযাত্রীরা তাঁদের পছন্দ অনুযায়ী একটি নৌপথ ব্যবহার করতে পারবেন। আগামী ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে নৌযান কেবল দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা বয়া রাখা বাধ্যতামূলক।
বন বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি জলযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং তীর্থযাত্রীর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালে সেটি সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। বন বিভাগের এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তার স্বার্থে সুন্দরবনে প্রবেশের সময় বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাত কিংবা অন্য কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন নিষিদ্ধ করেছে বন বিভাগ। পাশাপাশি লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা বা বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
আসন্ন রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনে আগত সব তীর্থযাত্রীকে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে প্রচলিত হারে রাজস্ব পরিশোধ করে নির্ধারিত নৌপথ ব্যবহার এবং বন বিভাগের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ।
