ফরিদপুরের নগরকান্দায় চার্জার ফ্যান বিস্ফোরণে আগুনে পুড়ে আহত শিশু তামিমা আক্তারকে (৬ মাস) বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতালে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ রবিবার ভোররাতে মারা যায় তামিমা। নিহত তামিমা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
গত ৭ নভেম্বর সকাল ১১টার দিকে ব্যবহৃত চার্জার ফ্যান বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে পুড়ে আহত হয় শিশুটি।
আহত অবস্থায় তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৩টার দিকে শিশুটি মারা যায়।
তামিমার বাবা ইসমাইল হোসেন বলেন, ‘গত সোমবার বেলা ১১টার দিকে তামিমার মা ওকে ঘুম পাড়িয়ে মাথার কাছে চার্জার ফ্যান চালিয়ে পাশের বাড়িতে গিয়েছিল। এ সময় ফ্যানে আকস্মিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে ফ্যানটি গলে গলে বিছানায় আগুন ধরে যায়। পরে আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিই। সেখানে চিকিৎসারত অবস্থায় আমার মেয়ে তামিমা মৃত্যুবরণ করে। ’
আজ সকাল ১০টায় বড় পাইককান্দী গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।