ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ও ঢাকার দোহারের মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার(১৮ অক্টোবর) সকালে লঞ্চ চলাচলের উদ্বোধন করেন, বিআইডব্লিউটিএর এডিশনাল অফিসার একেএম আরেফুদ্দিন।
বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (বন্দর ও ট্রাফিক) একেএম আরেফুদ্দিন জানান, পরিক্ষামূলকভাবে লঞ্চ চলাচল চালু করা হয়েছে। চূড়ান্তভাবে এখন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়নি। সরকারি নির্ধারিত ভাড়া এবং বাস্তবতা সবকিছু বিবেচনা করে খুব শীঘ্রই চূড়ান্তভাবে ভাড়া নির্ধারণ করা হবে। এ রুটে প্রাথমিকভাবে ১১টি লঞ্চ দেওয়া হয়েছে। প্রতিদিন ভোর ৪ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত আধাঘণ্টা পর পর লঞ্চগুলো চলাচল করবে। প্রথমদিন থেকে এভাবেই লঞ্চগুলো চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ শাওন বলেন, লঞ্চ চলাচলে আমাদের খুবই ভালো লাগছে। এ এলাকার মানুষ কম সময়ে কম খরচে পদ্মা পার হতে পারবেন। তবে লঞ্চের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সাথে দুর্ব্যবহার করার বিষয়টি কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে। এ ধরনের যাতে কোন ঘটনা না ঘটে সে বিষয়ে সুদৃষ্টি রাখতে হবে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা কবির ত্রপা বলেন, লঞ্চ চালুতে অত্র এলাকার মানুষের ঢাকা যেতে অনেক সহজ হবে। এ পথে কম সময়ে কম ভাড়ায় সহজে যাতায়াত করতে পারবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণ বিষয়টি প্রশাসনের নজরদারিতে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।