চেয়ারম্যান প্রার্থীর বিতর্কিত মন্তব্যের কারণে স্থগিত হয়ে যাওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বুধবার আবার অনুষ্ঠিত হয়েছে। এতে ‘ইভিএম বাটন টিপে দেওয়ার জন্য কেন্দ্রে লোক থাকবে’ বলে বিতর্কিত মন্তব্যকারী আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক চৌধুরী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ১৫ জুন চাম্বল ছাড়া বাঁশখালীর সব কটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের প্রচারণার সময় চাম্বল ইউপির চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী দফায় দফায় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, বিতর্কিত মন্তব্যের কারণে স্থগিত হয়ে যাওয়া নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তাতে মুজিবুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রথমবার নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর গত ২৮ মে মুজিবুল হক চৌধুরী এক সভায় ‘বাটন টিপে দিতে কেন্দ্রে আমার লোক থাকবে’ মন্তব্য করেন। তাঁর এই ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর মুজিবকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। এ ব্যাপারে পুলিশও তদন্ত করে।
এরপর গত ২ জুন পুনরায় মুজিবুল হক চৌধুরী মন্তব্য করেন, ‘আমরা বললে সুষ্ঠু, আমরা না বললে অসুষ্ঠু…তোমার আঙুল, টিপ দেব আমি।’ তাঁর এই বিতর্কিত মন্তব্য ভোটের মাঠে পুনরায় ঝড় তোলে। এরপর নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিত করা হয়। পাশাপাশি মুজিবের বিরুদ্ধে মামলা করা হয়। নানা বিতর্কিত মন্তব্যের জন্য মুজিবুল হক চৌধুরীর নাম ‘টিপ মারা মুজিব’ হিসেবে বেশি পরিচিত হয়ে ওঠে।
চাম্বল ইউপির স্থগিত নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। তাতে মুজিবুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৩১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের ফজল কাদের ৫ হাজার ৬৬৭ ভোট পান। মুজিবুল হক চৌধুরী আগেও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।