আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা চলাকালীন এই সময়ে সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরও জানান, আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এইসময় কেউ যাতে প্রশ্নফাঁস সহ গুজব ছড়াতে না পারে সে ক্ষেত্রে আইন শৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দা সংস্থা লোকজনের নজরদারী থাকবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।
এ বছর সারাদেশে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাধারণত, অন্য বছরগুলোতে ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।