রেল মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতনদের রেফারেন্স দিয়ে ট্রেনে বিনা টিকেটে ভ্রমণসহ অন্যান্য সুবিধা নেওয়াটা এতদিন ছিল অত্যন্ত সাধারণ একটা ব্যাপার। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে সরব হয়েছে সচেতন মহল এরই প্রেক্ষিতে নতুন নির্দেশনা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (৮ মে) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। রেলমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমানের সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে- এখন থেকে রেলমন্ত্রী, সচিব, একান্তসচিব, কর্মকর্তাদের আত্মীয়, পরিবারের সদস্য, বন্ধু পরিচয়ে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণসহ কোনো প্রকার সুবিধা নেওয়া যাবে না।
গত ৪ মের ঘটনা। বিনা টিকিটে ভ্রমণ করায় রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার পরও তিন যাত্রীকে জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। ঘটনার ২৪ ঘণ্টা না পেরুতেই তাকে বরখাস্ত করা হয়েছিল।
গণমাধ্যমের অনুসন্ধানের উঠে আসে, রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশেই ওই বরখাস্তের ঘটনা ঘটেছে। এ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে আজ রোববার টিটিই’র বরখাস্তের আদেশটি প্রত্যাহারের ঘোষণা দেন রেলমন্ত্রী।
গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর প্রথমে টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরে স্ত্রীর পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হলে আজ সাংবাদিকদের মুখোমুখি হন রেলমন্ত্রী। তিনি বলেন, আমার স্ত্রী যা করেছেন, তার সঙ্গে আমার ইনভলবমেন্ট নেই, তারপরও পুরো ঘটনায় আমি বিব্রত।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।