ক্ষমতাসীন সরকার বিরোধীদলকে নির্মূলের চেষ্টা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে সামনে রেখে বিরোধীদল নির্মূলে সরকার পুলিশ ও বিচার বিভাগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে। বিগত দুই জাতীয় নির্বাচনের মতো ২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও এককভাবে করতে চায় আওয়ামী লীগ। এজন্য তারা নানা কৌশল গ্রহণ করেছে বলেও দাবি করেন তিনি।
সরকার বিরোধীদলকে নির্মূল করার চেষ্টায় লিপ্ত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগেও বিরোধী দলকে নির্মূল করতে বিরোধীদলের সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মাঠশূন্য করার চেষ্টা করেছিল ক্ষমতাসীনরা। ২০১৪ সালেও একইভাবে তারা এ কাজ করেছিল। এখন আবার একই চেহারায় আবির্ভূত হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা ভয়-ভীতি ছড়িয়ে বিরোধীদলকে নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে সরকার।
এসময় তিনি আরো বলেন, গত ৬ এপ্রিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিনা উস্কানিতে গ্রেপ্তার করা হয়। অনেক কর্মীদেরকে মারধরও করা হয়। পরে আদালত চত্বরেও বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২ শত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং সকল থানা সভাপতি ও সম্পাদকের নামে এই মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক আব্দুস সালামসহ দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।