পুলিশের গোয়েন্দা শাখা ডিবি জানায়, সম্প্রতি রাজধানীতে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। এতে গত মার্চে ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার হয়, তাদের কাছ থেকে উদ্ধার হয় শতাধিক মোবাইল ফোন।
ছিনতাইকারী চক্রের এসব সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজধানীতে কয়েকটি ভাগে সীমানা নির্ধারণ করে অন্তত ২০টি স্থানে ছিনতাইকারী চক্রের সদস্যরা সক্রিয় থাকে। তারা প্রত্যেকে গড়ে দিনে ৫-৭টি মোবাইল ছিনতাই করে থাকে। এর মধ্যে কম দামি সেটগুলো গুলিস্তানের পাতাল মার্কেটে এবং দামি সেটগুলো ৩ জন ব্যক্তির কাছে বিক্রি করা হয়।
ওই তিন জনের দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- টিপু ও শহিদ আর অপরজন নজরদারিতে রয়েছে। গাবতলী, মিরপুর, শ্যামলী, আদাবর, মোহাম্মদপুর ও ধানমণ্ডিতে ছিনতাইকারী চারটি চক্রের সমন্বয়ক শহিদ, তাদের কাছ থেকে ছিনতাই করা ফোন কিনে বিক্রি করেন টিপু।
সাভারে থাকা টিপু ঢাকায় এসে চোরাই মোবাইল ফোন কিনে নিয়ে আবার সাভারে ফিরে যায়। ঢাকার অদূরের এই শহরের দুটি মোবাইল সেট সার্ভিসিংয়ের দোকানে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, আইএমইআই নম্বর বদলে ফেলা হয়। এরপর কয়েকটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সেই সেট বিক্রি করা হয়।
এ বিষয়ে ডিবির তেজগাঁও জোনের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, রাজধানীতে সক্রিয় মোবাইল ছিনতাইকারী চক্রগুলো চিহ্নিত করা হচ্ছে। সেইসঙ্গে তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।