পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে আসছে দেশটির সরকার। এমনকি প্রক্রিয়াটির নেপথ্যে ‘শক্তিশালী দেশ’ মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে বলে মুখ ফসকে বলে ফেলেছেন ইমরান খান। ইউক্রেন রাশিয়ার আগ্রাসনে মস্কোর পক্ষ নেওয়ায় এই ষড়যন্ত্র হচ্ছে বলেও গতকাল শুক্রবার অভিযোগ করেন তিনি।
ডন ও জিও টিভি জানায়, এর পরদিন আজ শনিবার ওয়াশিংটনের পক্ষ নিয়ে ইসলামাবাদে সিকিউরিটি ডায়ালগে বক্তব্য রাখেন পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। এ সময় অবিলম্বে ইউক্রেনে চলমান আগ্রসন বন্ধ করতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দেন তিনি।
এই আগ্রাসনকে ‘গ্রেট ট্রাজেডি’ বলে আখ্যা দিয়ে কামার বাজওয়া বলেন, সংঘাত নিয়ে ইসলামাবাদ খুবই উদ্বিগ্ন। নিরাপত্তা নিয়ে মস্কোর বৈধ উদ্বেগ থাকলেও প্রতিবেশী ছোট দেশে এমন আক্রমণ মেনে নেওয়া যায় না। বারবার এই যুদ্ধ বন্ধ ও শত্রুতাপূর্ণ সম্পর্ক অবসানের আহ্বান জানিয়ে আসছি আমরা।
স্বাধীনতার পর থেকে ইউক্রেনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের দারুণ সম্পর্ক ছিল। তার বিপরীতে বিভিন্ন কারণে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে ছিল শীতল সম্পর্ক, যা সম্প্রতি এগিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হয়, বলেন জেনারেল বাজওয়া।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহের কথা উল্লেখ করে পাক সেনাপ্রধান বলেন, এ ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে থাকা দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করা যাবে না। প্রতিবেশী চীনের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে, সেটিও অব্যাহত থাকবে।
বাজওয়ার এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের নয়া বিন্যাস হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যে গত ফেব্রুয়ারির শেষদিকে মস্কো সফরে যান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাষ্ট্র।
এর আগে ব্লুমবার্গ জানিয়েছিল, ইমরান খানকে ক্ষমতা থেকে সরাচ্ছেন বাজওয়া! ২০১৬ সালের ২৯ নভেম্বর তাকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুই বছর পর বাজওয়ার হাত ধরেই ক্ষমতায় আসেন ইমরান খান। বছর ঘুরতেই ২০১৯ সালের ১৯ আগস্ট ইমরানের হাত দিয়ে নিজের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নেন বাজওয়া। এখন তৃতীয় দফা মেয়াদ বাড়াতে চাইছেন তিনি, তাতে সম্মত নন ইমরান।
তাছাড়া পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, আইএসআই প্রধান লে. জেনারেল নাদিম আনজুমের মনোনয়ন ঘিরেও বিরোধ রয়েছে। চার মাস আগে প্রকাশ্যে আসা সেই দ্বন্দ্বে ইউক্রেন ইস্যুতে হাওয়া দিয়ে বাজওয়াকে ফুলিয়ে তোলার অভিযোগ রয়েছে পশ্চিমাদের বিরুদ্ধে। এর সঙ্গে বিরোধীদের হাত মেলানোর অভিযোগ করেছে ইমরান খানের সরকার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।