প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল। সে অবস্থা থেকে এখন মুক্ত হয়েছে দেশ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন বিজয় ৭১ এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার, ৩১ মার্চ এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আমরা আপনজন হারিয়েছিলাম, বিচার চাওয়ার আমাদের কোনো অধিকার ছিল না। এমনকি বাংলাদেশে ফিরে আসার পর আমি মামলা করার চেষ্টা করেছি। কিন্তু আমাকে মামলা করতে দেওয়া হয়নি। কারণ খুনিদের ইন্ডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছিল।
আওয়ামী লীগ প্রধান বলেন, দেশে একটি বিচারহীনতার সংস্কৃতি চালু করা হয়েছিল। আমরা যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি, তখন সে অবস্থার পরিবর্তন করতে পেরেছি। সে সময় আমাদের অনেক বাধা অনেক কিছুই মোকাবেলা করতে হয়েছে। তবে বিচারকের সাহসী পদক্ষেপের জন্য আমি ধন্যবাদ জানাই।
প্রধানমন্ত্রী আরও বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে, বাংলাদেশকে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত করতে পেরেছি।
এ সময় বিচার বিভাগের বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেব। এ বিষয়ে আপনাদের পরামর্শ নিতে হবে। কী ধরনের কারিকুলাম হবে, সেটা ঠিক করতে হবে।
আইন ও বিচার বিভাগে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন আদালত ভবন নির্মাণ করা হচ্ছে, আইনজীবীদের জন্যও ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।