কানাডায় টাকা পাচার করার জন্য ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বেগমপাড়ায় যাতায়াতকারীদের সুবিধা হবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা-টরন্টো ফ্লাইট কোনো মতেই লাভজনক নয়। দেশের মানুষ কষ্ট করে দিনরাত পরিশ্রম করে উপার্জন করছে, সেই দেশের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
দলীয় নেতৃবৃন্দকে দ্রুত সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া গৃহবন্দি। তাকে মুক্ত করতে হবে। তারেক রহমান বিদেশে নিবার্সিত হয়ে আছেন। তাকে ফিরিয়ে আনতে হবে। ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা। সেসব মামলা থেকে মুক্তি পেতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণের অভ্যুত্থান ঘটাতে হবে।
পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের আইজি ও পুলিশ কমিশনারের বক্তব্যে বিস্মিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এ ধরনের সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয়ে অশালীন এবং শিষ্টাচার বহির্ভূত কথা বলতে পারেন এটা চিন্তা করতে পারি না। আওয়ামী লীগ সরকার তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতির মধ্যে, এখনও গণতন্ত্রের জন্য গৃহবন্দি হয়ে আছেন তার সম্পর্কে এই ধরনের অশালীন উক্তি করতে পারে-এটা ভাবতেও পারি না।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সরকারের বেআইনি হুকুম তামিল করতে গিয়ে প্রতিষ্ঠানকে আপনারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।